ঠাকুরগাঁওয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে গুদাম ঘরে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত তিন যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (১৩ জুন) দিবাগত রাত ৩টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজারের পাশের একটি গোডাউনে এই পাশবিক ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন—কালিতলা এলাকার মো. তামিম ইসলাম (২২), মো. রনি (২১) ও মো. মাসুদ (২২)।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, সপ্তাহখানেক আগে অভিযুক্ত তামিম ইসলামের সাথে ওই কিশোরীর পরিচয় হয়। গতকাল বিকেলে বেড়ানোর কথা বলে মেয়েটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসেন তামিম। এরপর ঠাকুরগাঁও শহরের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি শেষে রাত ১১টার দিকে কালিতলা বাজারের পাশে একটি গোডাউন ঘরে নিয়ে তিন বন্ধু মিলে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করেন।

রাত ৩টার দিকে পুলিশের একটি টহল দল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পায়। পরে তারা ঘটনাস্থল থেকে তিন যুবককে হাতেনাতে আটক করে এবং ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, আটককৃত তিনজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।