গোপালগঞ্জে একটি বেইলি ব্রিজ ভেঙে বালুভর্তি ট্রাক খালে পড়ে চারজন আহত হয়েছেন। আজ রবিবার (১৪ জুন) সকাল ৮টার দিকে জেলা শহরের পাচুড়িয়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এর ফলে জেলা শহরের প্রধান সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী ও স্কুলগামী শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে বালুভর্তি একটি ১০ চাকার ট্রাক পাচুড়িয়া ব্রিজ দিয়ে ঘোনাপাড়ার দিকে যাওয়ার সময় হঠাৎ ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়। এ সময় একটি ইজিবাইক ও একটি সাইকেলও খালের পানিতে তলিয়ে যায়। এতে ট্রাকচালক, হেলপার ও ইজিবাইকচালকসহ চারজন আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ব্রিজটিতে যাতায়াতের বিষয়ে সড়ক বিভাগ কোনো সতর্কতামূলক সাইনবোর্ড বা নির্দেশনা দেয়নি। উপরন্তু, বিকল্প কোনো যাতায়াতের ব্যবস্থা না করেই সড়ক বিভাগ আগে থাকা দুটি বেইলি ব্রিজের একটি অপসারণ করায় অবশিষ্ট এই ব্রিজটির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছিল। এরপর স্থানীয়দের নিষেধ উপেক্ষা করে অতিরিক্ত বোঝাই ট্রাকটি পার হতে গেলে এই দুর্ঘটনা ঘটে। এর ফলে এখন শহরবাসীকে প্রায় দেড় কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে।

গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান, সড়ক বিভাগ ইতোমধ্যে কাজ শুরু করেছে। ভেঙে পড়া বেইলি ব্রিজটি পুনরায় ওই স্থানে স্থাপন করতে সর্বোচ্চ দুই থেকে তিন দিন সময় লাগতে পারে। পর্যাপ্ত জায়গা না থাকায় সেখানে বিকল্প (ডাইভারশন) সড়ক নির্মাণের ব্যবস্থা রাখা সম্ভব হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ২০২২ সালে পাচুড়িয়া খালে জনসাধারণের চলাচলের জন্য দুটি বেইলি ব্রিজ নির্মাণ করা হয়েছিল। সম্প্রতি সেখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।