মিয়ানমারের মোগোক উপত্যকায় যা মিলল, তাকে এক কথায় ‘অবিশ্বাস্য’ বললেও কম বলা হবে। মাটির গভীর থেকে উঠে এসেছে ১১ হাজার ক্যারেটের এক বিশালাকৃতির রুবি। রত্নপাথরের ইতিহাসে এটি এখন অন্যতম এক বিস্ময়।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার’-এর প্রথম পাতায় দেখা গেছে এক চাঞ্চল্যকর ছবি। স্বয়ং প্রেসিডেন্ট মিন অং হ্লাইং তার দপ্তরে বসে ২ কেজি ২০০ গ্রাম ওজনের এই বিরল পাথরটি খুঁটিয়ে দেখছেন।

বিশেষজ্ঞদের মতে, ১৯৯৬ সালেও এখানে বড় রুবি পাওয়া গিয়েছিল। তবে এবারের পাথরটির স্বচ্ছতা ও রঙের গভীরতা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। বেগুনি-লাল রঙের এই রত্নটি বাজারের সবচেয়ে দামি ‘পিজিয়ন ব্লাড’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে।

মোগোক উপত্যকার এই রত্নগুলোর নিয়ন্ত্রণ নিতে যুগে যুগে সম্রাট আর যুদ্ধবাজ শাসকেরা রক্তক্ষয়ী লড়াই করেছেন। কোনো সুনির্দিষ্ট নিয়মনীতি না থাকায় আন্তর্জাতিক বাজারে এই এক একটি পাথরের দাম ওঠে আকাশচুম্বী।

বিতর্কিত নির্বাচনের পর মিন অং হ্লাইং যখন বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন, ঠিক তখনই এই রুবি উদ্ধার হওয়াকে জান্তা সরকারের জন্য এক বিশাল ‘প্রাপ্তি’ হিসেবে দেখা হচ্ছে।