ঢাকাই সিনেমার প্রয়াত মেগাস্টার মান্না এবং তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের একটি ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল চর্চার বিষয়। ছবিতে দেখা যায়, নায়ক মান্নার কাঁধে হাত রেখে হাসিমুখে দাঁড়িয়ে আছেন বিজয়। দুই দেশের দুই মহাতারকাকে এক ফ্রেমে দেখে ভক্তদের মনে যেমন উত্তেজনা তৈরি হয়েছে, তেমনি প্রশ্ন জেগেছে—ছবিটি কি বাস্তব নাকি এআই (AI) কারসাজি?
অনেকে ছবিটিকে ‘ফেক’ বলে উড়িয়ে দিলেও ভিন্ন তথ্য দিচ্ছে চলচ্চিত্র সংশ্লিষ্টরা। নব্বই বা দুই হাজার দশকের শুরুর দিকে বাংলাদেশে উন্নত কারিগরি ল্যাব না থাকায় মান্নার ‘বাস্তব’, ‘মিনিস্টার’ বা ‘বীর সৈনিক’-এর মতো সিনেমাগুলোর পোস্ট-প্রোডাকশনের কাজ নিয়মিত চেন্নাইয়ের প্রসাদ ল্যাব বা এভিএম স্টুডিওতে হতো। মান্না নিজের সিনেমার কালার গ্রেডিং বা সাউন্ড এডিটিংয়ের কাজে দীর্ঘ সময় সেখানে অবস্থান করতেন। ধারণা করা হচ্ছে, ২০০৩-০৪ সালের দিকে চেন্নাইয়ে কাজ করার সময় একই স্টুডিওতে থাকা থালাপতি বিজয়ের সঙ্গে মান্নার এই ঐতিহাসিক সাক্ষাৎ ঘটেছিল।
মান্নার স্ত্রী শেলী মান্না বিষয়টি নিশ্চিত করে বলতে না পারলেও উড়িয়ে দেননি। তিনি জানান, মান্না প্রায়ই কাজের প্রয়োজনে ভারতে যেতেন, তাই বিজয়ের সঙ্গে দেখা হওয়াটা অসম্ভব কিছু নয়। তবে মান্নার ছেলে সিয়াম ইলতেমাশ মনে করেন ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।
ছবির সত্যতা যাচাইকারী ওয়েবসাইট ‘সাইটইঞ্জিন’ বলছে, ছবিটি মাত্র ৩ শতাংশ এআই দিয়ে তৈরি, অর্থাৎ এটি বাস্তব ক্যামেরায় তোলা হওয়ার সম্ভাবনা ৯৭ শতাংশ। অন্যদিকে ‘জিরোজেপিটি’ বলছে, ছবিটির ৫১ শতাংশ মৌলিক এবং বাকিটুকু কেবল পুরনো ছবি হওয়ার কারণে সামান্য এডিটিং বা আলো-ছায়ার কাজ হতে পারে।
প্রযুক্তির বিশ্লেষণ এবং চেন্নাইয়ের সেই প্রেক্ষাপট অনুযায়ী, দুই দেশের দুই সুপারস্টারের এই বিরল ফ্রেমটি কেবল কল্পনা নয়, বরং একটি বাস্তব মুহূর্ত হওয়ার সম্ভাবনাই প্রবল।