ব্যাট হাতে মাঠে নামলেই বোলারদের ওপর ‘জুলুম’ করা যার নেশা, সেই ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশী এবার নিজেই পড়লেন এক অদ্ভুত আইনি প্যাঁচে! আইপিএল ২০২৬-এ তার তাণ্ডব দেখে যখন ক্রিকেট দুনিয়া মুগ্ধ, ঠিক তখনই রাজস্থান রয়্যালসের এই তরুণ তুর্কির বিরুদ্ধে ‘শিশুশ্রম’-এর অভিযোগ তুলে মামলার হুমকি দিয়েছেন এক সমাজকর্মী।

সমাজকর্মী সি এম শিবকুমার নায়েক একটি ভাইরাল ভিডিওতে দাবি করেছেন, এই বয়সে বৈভবের হাতে ব্যাটের বদলে বই থাকা উচিত ছিল। তার মতে, আইপিএলের মতো মারকাটারি আসরে ১৫ বছরের কিশোরকে খেলানো সরাসরি ‘শিশুশ্রম’ এবং শিশু অধিকার ও শ্রম আইনের লঙ্ঘন। রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্টের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “এই ম্যানেজমেন্ট বাচ্চাকে শোষণ করছে! এটি একটি খুব খারাপ নজির তৈরি করছে।”

আইনি লড়াই যা-ই হোক, মাঠের লড়াইয়ে বৈভব কিন্তু একদম ‘স্পেশাল ওয়ান’ স্টাইলে জবাব দিচ্ছে। মাত্র ১৪ বছর বয়সে আইপিএল অভিষিক্ত এই কিশোর ১৭ ম্যাচে ৬৫৬ রান তুলে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে, যার স্ট্রাইক রেট অবিশ্বাস্য ২২৪.৬৬! গুজরাট টাইটান্স আর সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে করা তার চোখধাঁধানো দুটি সেঞ্চুরিই বলে দেয়, সে সাধারণ কোনো ‘শিশু’ নয়।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের বোলারদের তুলাধোনা করে ৮০ বলে ১৭৫ রানের সেই ইনিংস বা ঘরোয়া ক্রিকেটে বিহারের হয়ে দ্রুততম ১৫০—সবখানেই সূর্যের দাপট। সমাজকর্মীর চোখে সে ‘শোষিত শিশু’ হতে পারে, কিন্তু ক্রিকেটপ্রেমীদের চোখে সে আগামীর মহাতারকা।

একদিকে ক্লাসরুমে ফেরার তাগিদ, অন্যদিকে গ্যালারিতে ছক্কার উৎসব—বৈভবের এই ‘শিশুশ্রম’ বিতর্ক নিয়ে আপনার মতামত কী?